সোমবার, ২৭ মে, ২০১৩



জীবনের ধূসর বেলায় একটা দিন হয়ত আসবে
      যখন পুরনো বইয়ের পাতা থেকে
               শুকিয়ে যাওয়া পারিজাত পড়বে ঝরে ।
তখন তোমার মনে পড়বে –
         সুধা তোমায় ভোলে নি।
তখন তোমার মনে পড়বে –
        সুধা তোমার জন্য স্বর্গ থেকে ফুল ছিঁড়ে এনেছিল।

মোটা কাঁচের ফাঁক দিয়ে
    থরথরে কাঁপা হাতে ফিরে চেয়ে দেখবে তখন –
       ম্লান হয়ে যাওয়া স্মৃতির মত কেঁপে উঠবে
                    মলিন কেশরের দল।

হৃদয়ে উঠবে মোচড়
     ডাকবে আবার পুরানো সেই নামে
ভালবাসার ডোরে একদিন বেঁধেছিলে যারে।
             কিন্তু পাবে না সারা –
তোমারই অবহেলায় চলে গেছে সে
            অনেক দূরে –
              তোমার নাগাল থেকে অনেক দূরে।
                পৃথিবীর নাগাল থেকে অনেক দূরে।  

অরুন্ধতীর চোখের ভিতর দিয়ে হয়ত
          দেখবে সে তোমায় –
ঝরে পড়বে এক ফোঁটা অশ্রু
          সীমাহীন ভাল লাগায় –
ভাববে সে – অবশেষে ডেকেছ তুমি আমায় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন